মা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসাধারণ আবেগঘন বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বাঙালির চিরকালীন ভাবনা—মায়ের কাছে সন্তান আজীবন শিশুই থাকে—এটিকে কেন্দ্র করে তৈরি এই বিজ্ঞাপনটি বিশ্বখ্যাত এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ‘গ্রী’র। ইতিমধ্যে এটি দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে।
গল্প শুরু হয় একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ড্রয়িংরুমে, শান্ত বিকেলে। স্ক্রিনে দেখা যায়, এক মা তাঁর ৭/৮ বছরের ছোট ছেলেকে মধুর কণ্ঠে বকা দিচ্ছেন। মায়ের অভিযোগ, ‘কত টাকা বেতন পাস তুই? হ্যাঁ? ছোটবেলায় এরচেয়ে গরমে ঘুমাস নাই? ফ্যান না চললে হাতপাখার বাতাসে ঘুমাইছে সবাই। আমাকে না জানাইয়া এসি কিনা নিয়া আসছে। কী দরকার ছিল এত খরচ করার?’
প্রথমদিকে দর্শক একটু অবাক হতে পারেন, এতটুকু ছেলে কীভাবে বেতন পাবে! কিন্তু ছেলেটি মায়ের বকুনিতে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সংলাপের মাঝে মিষ্টি লিড গিটারের সুর বাজে, যা মায়ের অভিমানকে আরও মায়াময় করে।
তখনই ছেলেটি মায়ের অজান্তে রিমোট চেপে এসি চালু করে। তৎক্ষণাত্ শীতল বাতাস মাকে স্পর্শ করে। বাতাসে মায়ের চুল উড়ে যায়, স্ক্রিনে চিত্রিত হয় অপূর্ব দৃশ্য। শীতলতায় মায়ের ক্লান্তি যেন মিলিয়ে যায়, ঠোঁটে ফুটে ওঠে তৃপ্তির হাসি। মা বলে ওঠেন, ‘খুব বড় হয়ে গেছিস, তাই না?’
এরপর আসে বিজ্ঞাপনের চমক। ক্যামেরা ছেলের দিকে ঘুরতেই দেখা যায়, সেখানে কোনো শিশু নেই, বরং ফর্মাল অফিসপোশাক পরা এক পূর্ণবয়স্ক যুবক বসে আছেন। তিনি মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসেন। মা বলেন, ‘একদম বাপের মতো বেহিসেবি।’ দুজনের মুখেই ফুটে ওঠে অনাবিল হাসি।
বিজ্ঞাপনের মূল বার্তা—মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না। আমরা যত বড়ই হই না কেন, নিজের উপার্জনে মাকে উপহার দিই না কেন, মায়ের চোখে আমরা সেই ছোট খোকাই।
ইলেক্ট্রোমার্টের বাজারজাতকৃত গ্লোবাল ব্র্যান্ড গ্রী এসির জন্য বিজ্ঞাপনী সংস্থা ক্রসওয়াক কমিউনিকেশনস এই গল্প তৈরি করেছে। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনম বিশ্বাসের পরিচালনায় এটি দেখায় যে, এসি শুধু যন্ত্র নয়, মায়ের হাতপাখার মতো আধুনিক ভালোবাসার উপহার।
শেষে ভেসে আসে হৃদয়স্পর্শী ভয়েসওভার, ‘মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না। বয়স না–বাড়া সব সন্তানের পক্ষ থেকে পৃথিবীর সব মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা।’
গ্রী এসির এই বিজ্ঞাপন কেবল পণ্যপ্রচার নয়, সব মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।






