গুগলের জনপ্রিয় ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের কম্পিউটারে গোপনে প্রায় ৪ গিগাবাইটের একটি ফাইল ঢুকিয়ে দিচ্ছে। এই ‘ওয়েটস ডট বিন’ নামের ফাইলটি মুছে ফেললেও কিছুক্ষণ পর আবার স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়। ফলে প্রযুক্তিবিশ্বে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

‘প্রাইভেসি গাই’ নামে পরিচিত কম্পিউটার বিজ্ঞানী আলেকজান্ডার হ্যানফ একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, ব্যবহারকারীদের কম্পিউটারের ইউজার ডেটা ফোল্ডারে গোপনে ‘ওয়েটস ডট বিন’ নামের একটি ফাইল প্রবেশ করাচ্ছে ক্রোম ব্রাউজার। ফাইলটি গুগলের ‘জেমিনি ন্যানো’ মডেল পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফাইলটি ক্ষতিকর নয় এবং সরাসরি নিরাপত্তাঝুঁকি তৈরি করছে না। তবে ব্যবহারকারীদের অনুমতি ছাড়া এত বড় আকারের ফাইল ডাউনলোড হওয়ায় প্রশ্ন উঠেছে। ফাইলটি মুছলেও আবার ফিরে আসায় যাদের কম্পিউটারের স্টোরেজ কম, তাদের জন্য এটি সমস্যা সৃষ্টি করতে পারে। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে এমন প্রক্রিয়া সাধারণ হলেও ফাইলের আকারের কারণে বিতর্ক তৈরি হয়েছে।

সাধারণত জেমিনির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সেবাগুলো ক্লাউডনির্ভর। অর্থাৎ ব্যবহারকারীর প্রশ্ন বা নির্দেশনা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন সার্ভারে পাঠানো হয় এবং উত্তর ফেরত আসে। এতে সর্বদা ইন্টারনেট লাগে এবং সাড়া পেতে সময় লাগে। এই সীমাবদ্ধতা দূর করতে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো এখন ডিভাইসের মধ্যেই এআই মডেল রাখার দিকে এগোচ্ছে।

ফাইলটি আছে কি না দেখতে ক্রোমের সেটিংসে গিয়ে ‘সিস্টেম’ অপশনে ‘অন-ডিভাইস এআই’ সুবিধা চালু আছে কিনা চেক করুন। চালু থাকলে ‘ওয়েটস ডট বিন’ সার্চ করে ফাইলটি মুছুন। স্থায়ীভাবে এড়াতে ‘সিস্টেম’ অংশে গিয়ে ‘অন-ডিভাইস এআই’ বন্ধ করুন।

সূত্র: জেডডিনেট