গত শুক্রবার রাত থেকে লিভার-সংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। আজ রোববারও তাঁর অবস্থা অপরিবর্তিত এবং সংকটাপন্ন। পরিবার কারিনাকে বিদেশ নেওয়ার চেষ্টা করছে। আজ সকালে তাঁর সর্বশেষ অবস্থা মুক্তকণ্ঠকে জানিয়েছেন তাঁর বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

কথা হয় কায়সার হামিদের সঙ্গে যখন, তখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন। মেয়ের ভিসা দ্রুত পাওয়ার জন্য সেখানে গিয়েছেন। মুক্তকণ্ঠকে তিনি বলেন, “আমার মেয়ের ভিসাটা যাতে দ্রুত হয়, তাই এখানে এসেছি। মাননীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অনুরোধ জানাব, তিনি যেন বিষয়টি দেখেন। আসলে আমাদের হাতে বেশি সময় নেই, দ্রুত ওকেই বিদেশে নিতে চাচ্ছি।”

কারিনার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কায়সার হামিদ বলেন, “চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তাঁর রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।”

এর আগে গতকাল শনিবার কায়সার হামিদ জানিয়েছিলেন, কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, তাঁর শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।