মুক্তকণ্ঠ ট্রাস্ট বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা আয়োজন করে। এর আওতায় গত ১৬ মার্চ ২০২৬ মুক্তকণ্ঠের কার্যালয় কারওয়ান বাজারে ১৭৬তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান উপস্থিত থেকে পরামর্শ দেন। এবারের বিষয় ছিল—'মনের জট খুলুন, মানসিক চাপ কমানোর কৌশল।' সেখানে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হয়।
একাকীত্ব থেকে মাদক বা ডিভাইসে আসক্তি তৈরি হতে পারে। এর থেকে বেরোনোর উপায় কী? এ প্রশ্নের জবাবে ডা. ফারজানা রহমান বলেন, "প্রথমত নিজের ইচ্ছা বা মোটিভেশন খুব জরুরি। বিজ্ঞান এখন বলে 'আমি আমি' তত্ত্ব থেকে বের হয়ে অন্যকে সাহায্য করার মানসিকতা আমাদের ভালো রাখতে সাহায্য করে। নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা এবং ইতিবাচক মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।"
তবে মনে রাখতে হবে, ভালোবাসার মানে এই নয় যে সব অন্যায় ক্ষমা করে দিতে হবে। সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা থাকতে হবে। যদি কারো আচরণে হৃদয় ক্ষতবিক্ষত হয়, তবে সেখান থেকে নিজেকে সরিয়ে আনার মানসিকতাও রাখতে হবে। সবকিছুই নিজের মানসিক প্রশান্তির জন্য।






