গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতা তিনজনকে পিটিয়ে হত্যা করেছে। এসময় তারা সন্দেহভাজনদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে দিয়েছে।

আজ রোববার ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশের জানানো মতে, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা তাদের তাড়া করে। একপর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে কঠোর পিটুনি দেয় এবং তাদের পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।"