আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বায়ুদূষণে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়।
সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৬৬। এই মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। তবে রাজধানীর নয়টি স্থানে বায়ুর মান আরও খারাপ।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এই পরিস্থিতি তুলে ধরেছে। এই প্রতিষ্ঠান নিয়মিত বায়ুদূষণের অবস্থা প্রকাশ করে। তাদের লাইভ সূচক নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা জানিয়ে মানুষকে সতর্ক করে। আজকের এই দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য আইকিউএয়ার কয়েকটি পরামর্শ দিয়েছে।
আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো
নগরীর কয়েকটি এলাকায় বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে ধানমন্ডি শীর্ষে রয়েছে, বায়ুমান ১৭৯। এরপর বারিধারা পার্ক রোড (১৭১), আগারগাঁও (১৭১), বেচারাম দেউড়ী (১৬৯), মিরপুরের শেওড়াপাড়া (১৬৬), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৬৫), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৬৫), গুলশান লেক পার্ক (১৬৪) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৭)। সাধারণত এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। এপ্রিল পেরিয়ে মে মাস এসে গেল, কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।
সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর এই মানে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।






