শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় বাইফার পঞ্চম পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শোবিজ জগতের তারকাদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় এক রঙিন উৎসবে। অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা প্রদান করা হয় ঢালিউড অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের হাতে।
চলচ্চিত্র বিভাগে জুরিবোর্ডের মতামত অনুযায়ী সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় ‘বনলতা এক্সপ্রেস’। এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন শরীফুল রাজ। অন্যদিকে ‘সাবা’ সিনেমায় অভিনয়ের জন্য জুরিবোর্ড সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচন করেন মেহজাবীন চৌধুরী। একই বিভাগে সেরা চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হন রেদওয়ান রনি।
জনপ্রিয় বিভাগে ‘দম’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মাননা পান আফরান নিশো। জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার জুটে যায় সাবিলা নূরের হাতে। এছাড়া ‘দম’ ছবির জন্য সেরা ব্রেকথ্রু পারফরম্যান্সের স্বীকৃতি পান চঞ্চল চৌধুরী।
নাটক বিভাগে জুরিবোর্ডের বিচারে ‘ফ্যামিলি ম্যান’-এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন ফারহান আহমেদ জোভান। ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তানজিন তিশা। সেরা নির্মাতা হন প্রবীর রায় চৌধুরী। জনপ্রিয় বিভাগে ‘এটা আমাদেরই গল্প’ নাটক থেকে সেরা অভিনেতা খায়রুল বাসার, সেরা অভিনেত্রী কেয়া পায়েল এবং সেরা ব্রেকথ্রু পারফরম্যান্স দীপা খন্দকার।
ওটিটি বিভাগে জুরিবোর্ডের মতে ‘বোহেমিয়ান ঘোড়া’র জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন মোশাররফ করিম। একই কাজের জন্য সেরা ব্রেকথ্রু সম্মাননা পান রুনা খান। জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা তৌসিফ মাহবুব এবং সেরা অভিনেত্রী সাদিয়া আয়মান। জুরিবোর্ডের বিচারে সেরা অভিনেত্রী তানজিকা আমিন। সেরা নির্মাতা যৌথভাবে অমিতাভ রেজা চৌধুরী ও ভিকি জাহেদ।
সংগীত বিভাগে জুরিবোর্ড যৌথভাবে সেরা শিল্পী হিসেবে নির্বাচন করেন দিলশাদ নাহার কনা ও সোমনুর মনির কোনাল। ‘যদি মনটা চুরি করি’ ও ‘ও জান’ গানের জন্য তাঁরা এই পুরস্কার অর্জন করেন। জনপ্রিয় বিভাগে সেরা গায়ক ইমরান মাহমুদুল (পরী) এবং সেরা গায়িকা দোলা রহমান (বিলেত রাজা)।
এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাইফার শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’র ট্রেলার উন্মোচন। চলচ্চিত্র, নাটক, সংগীত, ওটিটি ও ডিজিটাল কনটেন্ট মিলিয়ে ২৯টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের সম্মানিত করা হয়। অভিনেতা খায়রুল বাশার ও অভিনেত্রী তানজিন তিশার উপস্থাপনায় পুরস্কার বিতরণে মঞ্চে নৃত্য, গান, ফ্যাশন শো পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করেন চাঁদনী, শরীফুল রাজ, সাবিলা নূর, দীঘি, ইরফান সাজ্জাদ, দোলা রহমান, আদর আজাদ, বারিষা হক, সেমন্তি সৌমি, সালমা, ঝিলিক, পূজা, স্বপ্নীল প্রমুখ। লালগালিচায় উপস্থাপনায় ছিলেন ইমতু ও নাদিয়া আফরিন।






