ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড স্বাস্থ্যসেবা গবেষণা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম ইনস্টিটিউশনাল এথিক্যাল রিভিউ বোর্ড (আইইআরবি) চালু করে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ইউনাইটেড হেলথকেয়ারের ফ্ল্যাগশিপ হাসপাতাল ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার, ক্লিনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশীদ, যিনি আইইআরবি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশীদ এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান এ কিউ এম মোহসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান।
আইইআরবি কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আজহারুল ইসলাম খান। খন্দকার আবু তালহা চেয়ারম্যান এবং মাহবুবুর রহমান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বোর্ডে বিভিন্ন মেডিকেল ও একাডেমিক পটভূমির দেশ-বিদেশের বিশেষজ্ঞরাও রয়েছেন।
আইইআরবি প্রতিষ্ঠার মাধ্যমে ইউনাইটেড হেলথকেয়ার উদ্ভাবনী ক্লিনিক্যাল রিসার্চকে উৎসাহিত করতে, একাডেমিক কোলাবোরেশন জোরদার করতে এবং বাংলাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।






