রাজধানীর আবদুল্লাহপুরে এক বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামের পথচারী নিহত হয়েছেন। তিনি এই এলাকার একটি মাছের আড়তে পানি সরবরাহের কাজ করতেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে ঘটে এ দুর্ঘটনা। নিহত আনোয়ারের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান গ্রামে। পরিবার সেখানে থাকলেও তিনি আবদুল্লাহপুরে বসবাস করতেন।
নিহতের ভাতিজা শাহিনুর ইসলাম জানান, আজ সকালে আড়তের কাজ সেরে আনোয়ার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশের একটি হোটেলে খাবার খান। খাবার শেষ করে রাস্তা পার হতে গিয়ে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে আঘাত করে। এতে তিনি ছিটকে পড়ে একটি ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয় লোকজন বাসটি আটকালেও চালক পালিয়ে যান।
শাহিনুর ইসলাম বলেন, আহত অবস্থায় আনোয়ারকে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।






