দক্ষিণ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা থেকে রাজনীতির ময়দানে নামা থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেতাদের একজন। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁর দল তামিলগা ভেত্রি কড়গম (টিভিকে) একক সবচেয়ে বড় দল হয়ে উঠলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উত্তেজনা এবং জল্পনা চলছে।

এই পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে বিজয়ের দেহরক্ষীর একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা চলছে—তাহলে কি সত্যিই বড় কোনো রাজনৈতিক ঘটনা ঘটতে চলেছে?

দেহরক্ষীর পোস্টে নতুন রহস্য
সম্প্রতি বিজয়ের দীর্ঘদিনের দেহরক্ষী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা শেয়ার করেছেন। সেখানে লেখা ছিল, ‘মহাবিশ্ব কখনো ভুল করে না। ধৈর্য ধরুন...বড় কিছু হতে যাচ্ছে।’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘হ্যাপি ডে।’

এই সংক্ষিপ্ত বার্তা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। তাড়াতাড়ি পোস্টটি ছড়িয়ে পড়ে টিভিকে সমর্থকদের মধ্যে। অনেকে এটিকে রাজনৈতিক ইঙ্গিত বলে ব্যাখ্যা করছেন। কেউ কেউ মনে করছেন, সরকার গঠনের জন্য টিভিকে গুরুত্বপূর্ণ সমর্থন পেতে চলেছে। আবার কেউ বলছেন, বিজয়কে মুখ্যমন্ত্রী করার পথ শিগগিরই সহজ হতে পারে। যদিও বিজয় বা তার দল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

চলচ্চিত্র অঙ্গনের সমর্থন
রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দক্ষিণি চলচ্চিত্রজগতের অনেক তারকা বিজয়ের পক্ষে দাঁড়িয়েছেন। অভিনেতা বিশাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তামিলনাড়ুতে টিভিকেকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক জোট কল্পনাই করা যায় না। তাঁর ভাষায়, টিভিকেকে ছাড়া কোনো জোট হলে, সেটা হবে অবিশ্বাস্য ও বিস্ময়কর। শুধু বিশাল নন, আরও কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রকাশ্যে বা পরোক্ষভাবে বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

রাজনীতিতে সিনেমার প্রভাব
তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্রের প্রভাব নতুন নয়। এম জি রামাচন্দ্রন, জয়ললিতা বা করুনানিধি—অনেক বড় রাজনৈতিক নেতার উত্থানের পেছনে ছিল চলচ্চিত্রের জনপ্রিয়তা। সেই ধারায় বিজয়ও এবার রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠেছেন। বিশ্লেষকদের মতে, তাঁর জনপ্রিয়তার প্রধান ভিত্তি তরুণ ভোটাররা। দীর্ঘদিন ধরে সামাজিক ইস্যুতে সক্রিয় থাকায় সেই জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করেছে টিভিকে।

বিজয়ের বার্তাও বাড়াচ্ছে জল্পনা
নির্বাচন ফলাফল প্রকাশের পর থেকে বিজয়ের বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে বিশ্লেষণ চলছে। সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছিলেন, ‘ভালো কিছু ঘটবে। সাফল্য নিশ্চিত।’ অনেকে মনে করছেন, এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, রাজনৈতিক পরিস্থিতির প্রতিও ইঙ্গিত। দেহরক্ষীর পোস্ট এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

ইন্ডিয়াডটকম অবলম্বনে