গুগল তার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ই–মেইল লেখার টুল ‘হেল্প মি রাইট’-এ দুটি নতুন ব্যক্তিগতকৃত সুবিধা যুক্ত করেছে। এর ফলে জিমেইলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি ইমেইলের খসড়া ব্যবহারকারীর লেখার ধরন, ভাষার ভঙ্গি এবং উপস্থাপনার সঙ্গে আরও মিলে যাবে।

বৃহস্পতিবার প্রকাশিত এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, জেমিনি প্রযুক্তিচালিত ‘হেল্প মি রাইট’ টুলে দুটি নতুন সুবিধা যোগ করা হয়েছে। এর মধ্যে একটি হলো ‘টপিক কনটেক্সচুয়ালাইজেশন’। এই ফিচারের সাহায্যে জিমেইল ব্যবহারকারীর নির্দেশনা অনুসারে গুগল ড্রাইভ ও জিমেইলে সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করতে পারবে। তারপর প্রয়োজনমতো সেই তথ্য ইমেইলের খসড়ায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।

অন্য সুবিধাটি ‘টোন অ্যান্ড স্টাইল পারসোনালাইজেশন’ নামে পরিচিত। এর মাধ্যমে এআই ব্যবহারকারীর পূর্বের পাঠানো ইমেইলগুলো বিশ্লেষণ করে তার লেখার ধরন, শব্দচয়ন এবং ভাষার ভঙ্গি অনুকরণ করবে। ফলে তৈরি খসড়াগুলো আগের চেয়ে আরও স্বাভাবিক, ব্যক্তিগত এবং কথোপকথনময় মনে হবে।

গুগলের একটি উদাহরণে দেখা গেছে, একজন ব্যবহারকারী সাম্প্রতিক ইনফ্লুয়েন্সার প্রচারণা নিয়ে ইমেইল লিখছেন। তখন এআই গুগল ড্রাইভের নথি থেকে সংশ্লিষ্ট প্রচারণার নাম সংগ্রহ করছে। একই সঙ্গে সাম্প্রতিক ইমেইল বিশ্লেষণ করে প্রচারণার অগ্রগতি-সংক্রান্ত তথ্য খসড়ায় যুক্ত করছে। এছাড়া পুরো ইমেইলের ভাষা ব্যবহারকারীর স্বাভাবিক কথোপকথনের ধাঁচে আরও সহজ ও সাবলীল করে উপস্থাপিত হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এই সুবিধাগুলোর ঘোষণা দিয়েছিল গুগল। বর্তমানে ধাপে ধাপে চালু হচ্ছে বিজনেস স্টার্টার, স্ট্যান্ডার্ড ও প্লাস সংস্করণের গ্রাহকদের জন্য। পাশাপাশি এন্টারপ্রাইজ স্টার্টার, স্ট্যান্ডার্ড ও প্লাস ব্যবহারকারীরাও নতুন সুবিধাগুলো পাবেন। এছাড়া কনজ্যুমার পর্যায়ের গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা গ্রাহকদের সঙ্গে গুগল এআই প্রো ফর এডুকেশন সেবাতেও এগুলো চালু হচ্ছে।

সূত্র: ম্যাশেবল