চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে রবিউল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা।
পুলিশের জানানো মতে, ডাকাতেরা সাধারণত যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেট কার দেখলে এগুলোকে লক্ষ্য করে রড অথবা লোহার পাইপ নিক্ষেপ করে। বিকট শব্দ শুনে চালকরা গাড়ি থামিয়ে ঘটনা বোঝার চেষ্টা করেন। এ সুযোগে তারা ডাকাতি চালায়। গতকাল রাতেও একই কায়দায় পুলিশ সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা হয়। তখন গাড়ি থামিয়ে ধাওয়া করে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "সাধারণ যাত্রীদের গাড়ি মনে করে পুলিশের গাড়িতে লোহার পাইপ নিক্ষেপ করেছিল ডাকাতেরা। এ ঘটনায় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।" গ্রেপ্তার রবিউল হোসেনের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা ডাকাতির। এই তিন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া এলাকায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশ জানায়, এটিতেও একইভাবে রড নিক্ষেপ করা হয়েছিল। যাত্রীরা কী হয়েছে জানতে গাড়ি থেকে নামতেই ডাকাতের কবলে পড়েন।






