গতকাল মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘সর্দারবাড়ির খেলা’। দেশের ২৩টি সিনেমা হলে দেখানো হচ্ছে এই সিনেমা। মৃত্তিকা ছবিঘরের ব্যানারে মীর জাহিদ হাসান প্রযোজনা করেছেন ছবিটি। পরিচালক রাখাল সবুজ। জিয়াউল রোশান ও শবনম বুবলী প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এতে।
মুক্তকণ্ঠকে মীর জাহিদ হাসান বলেন, ‘ঢাকাসহ সারা দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস থেকে দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে। এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঐতিহ্যবাহী মধুমিতা, আজাদ থেকে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাটি মুক্তি দিয়েছি। অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা ছবিটি দিয়েছি।’
লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে লাঠিয়ালদের জীবনসংগ্রামের গল্প। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘পুলসিরাত’ ছবিটি শুটিং শেষে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পর আপত্তি ওঠে। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘সর্দারবাড়ির খেলা’ রাখা হয়। এছাড়া শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা, ব্যঞ্জন জামান প্রমুখও অভিনয় করেছেন ছবিতে।






