আজ সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতের পশ্চিম দিকে বঙ্গোপসাগরের উপর দিয়ে দ্রুতগতিতে টেকনাফের দিকে ছুটে গেছে ‘মিসাইল’ আকৃতির এক আলোর ঝলক। কয়েক মিনিট পরই সেটি অদৃশ্য হয়ে যায়। সৈকতের পর্যটকেরা মুঠোফোনে দৃশ্যটি ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা তৎক্ষণাত্ ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক কোণে বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে। তার কিছুটা দূরে আলো ছড়াতে ছড়াতে পূর্ব দিকে (টেকনাফের দিকে) দ্রুত অগ্রসর হয় ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলকটি। কয়েক মিনিটের মধ্যেই এটি গায়েব হয়ে যায়। সৈকতের পর্যটকের পাশাপাশি শহরের বাসিন্দারাও বাসা-বাড়ির ছাদ থেকে এ দৃশ্য প্রত্যক্ষ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান বলেন, কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে আকাশের যে আলোর ঝলক ছুটতে দেখা গেছে, সেটির বিষয়ে ঢাকার আবহাওয়াবিদদের (ভিডিও ও ছবি পাঠিয়ে) মন্তব্য চাওয়া হয়েছিল। তাঁরা জানিয়েছেন, এটি আবহাওয়াগত বিষয় না।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ওয়াহিদুর রহমান বলেন, বঙ্গোপসাগরের ওপর দিয়ে মিসাইল আকৃতির যে আলোর ঝলক ছুটে গেছে, তার বিস্তারিত জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এটিকে মিসাইল মনে হয়েছে। কিন্তু এটি কেন বা কারা ছুড়েছে, তাঁর জানা নেই।






