নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত যুবক মো. ইমামুল তাঁর স্ত্রীকে মারধর করেন এবং বাবা আবুল হাসেমের ওপর দা নিয়ে হামলা চালান। এতে তারা দু’জন আহত হন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালিহালা গ্রামে ঘটনাটি ঘটে। পরবর্তীতে স্থানীয় লোকজন আবুল হাসেমকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত ইমামুল (৩০) কালিহালা গ্রামের আবুল হাসেমের (৬০) ছেলে। স্থানীয় বাসিন্দা ও আবুল হাসেমের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমামুল দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছেন। মাদকের টাকা না পেয়ে তিনি প্রায়ই স্ত্রী, মা-বাবাসহ পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালান। গতকাল গভীর রাতে স্ত্রীর কাছে মাদকের জন্য টাকা চেয়ে ইমামুল তাকে মারধর শুরু করেন। টাকা না পাওয়ায় একপর্যায়ে স্ত্রীকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন।
একই সময় তাকে থামাতে গিয়ে বাবা আবুল হাসেমও মার খান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আবুল হাসেম বলেন, “একটি ঘর থেকে দা এনে ইমামুল আমাকে কোপাতে চায়। প্রাণভয়ে আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই। পরে সে দরজা ভেঙে আমার ওপর হামলা চালায়। এতে আমার হাতের আঙুল কেটে যায়। ইমামুলের কারণে আমরা পরিবারের সবাই আতঙ্কের মধ্যে থাকি। ইমামুলের দুই শিশুসন্তান আছে। তার ভয়ে শিশুরা বেশির ভাগ সময় তাদের মামার বাড়িতে থাকে। মাদকের টাকা জোগাড় করতে ইমামুল অটোরিকশাসহ জমিজমা অনেক কিছুই নষ্ট করেছে, এখন আমি নিঃস্ব।” এ বিষয়ে ইমামুলের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলমাকান্দা থানার ওসি সিদ্দিক হোসেন।






