অনার বাংলাদেশ দেশের বাজারে অনার ৬০০ সিরিজের ‘অনার ৬০০ প্রো’, ‘অনার ৬০০’ ও ‘অনার ৬০০ লাইট’ মডেলের তিনটি প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে এই স্মার্টফোনগুলোর পাশাপাশি স্মার্টওয়াচ এবং ইয়ারবাডও উন্মোচিত হয়।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘প্রযুক্তির উদ্ভাবন থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি স্তরে কাজ করার জন্য আমরা আলফা ল্যাব স্থাপন করেছি। এই গবেষণাগারে ফোনের ব্যাটারি, পর্দা, রোবোটিকস ও এআই নিয়ে গবেষণা চলছে। ২০২৫ সালে সৌদি আরবে আমরা ২৫ লাখ গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছি এবং শ্রীলঙ্কায় আমাদের অবস্থান বর্তমানে শীর্ষে। বাংলাদেশে আইকনিক এআই ইমেজিং প্রযুক্তির অনার ৬০০ সিরিজ এবং বিভিন্ন এআইওটি পণ্য আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
অনার বাংলাদেশের বিজনেস বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অনার একটি আস্থার নাম হয়ে উঠেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতেই আমরা নতুন এই সিরিজটি নিয়ে এসেছি।
অনুষ্ঠানে জানানো হয়, অনার ৬০০ সিরিজের ফোনগুলোর প্রধান আকর্ষণ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এতে অনারের নিজস্ব ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ টুল রয়েছে। এই টুল দিয়ে সাধারণ স্থির ছবি থেকে তাৎক্ষণিক উচ্চমানের ভিডিও তৈরি করা যায়। এছাড়া একাধিক ছবি ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণের মতো উদ্ভাবনী ফিচারগুলো যুক্ত করা হয়েছে।
সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল অনার ৬০০ প্রো-তে ম্যাট ধাতব কাঠামো ব্যবহার করা হয়েছে। স্থায়িত্বের জন্য এতে আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং রয়েছে, যা ফোনটিকে পানি ও ধূলিকণা থেকে সর্বোচ্চ সুরক্ষা দেয়। উন্নত রেজোল্যুশনের ছবির জন্য ২০০ মেগাপিক্সেলের আলট্রানাইট ক্যামেরা এবং টেলিফটো স্থিতিশীলতার সুবিধা আছে। এতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রয়েছে। কমলা, কালো ও সোনালি রঙে আসছে এই ফোন, যার দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা। সিরিজের অন্য দুই মডেল অনার ৬০০ এবং অনার ৬০০ লাইটেও আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এদের দাম যথাক্রমে ৬৯ হাজার ৯৯৯ ও ৪৪ হাজার ৯৯৯ টাকা।






