সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে শক্তি কাপুরের মৃত্যুর গুজব। ভক্তরা ক্ষণিকের মধ্যে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু অভিনেতা নিজেই সব জল্পনা দূর করে জানিয়ে দেন, তিনি একেবারে সুস্থ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন বলিউডের এই বর্ষীয়ান তারকা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হয়, জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুর আর নেই। খবরটি দ্রুত ভাইরাল হওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপর তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা জারি করে বিষয়টি স্পষ্ট করেন।
ভিডিওতে শক্তি কাপুর বলেন, “হ্যালো সবাই, আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন। আমি এ বিষয়ে অভিযোগ করতে যাচ্ছি। এটা মোটেও ঠিক নয়।”
ভিডিওতে শান্ত ভঙ্গিমায় কথা বললেও তাঁর বিরক্তি ও হতাশা স্পষ্ট। তিনি আরও বলেন, এ ধরনের মিথ্যা খবর শুধু শিল্পীর জন্যই নয়, তাঁর পরিবার ও কাছের মানুষদের জন্যও ভীষণ কষ্টের।
শক্তি কাপুর গুজব খণ্ডনে থেমে থাকেননি। তিনি জানিয়েছেন, মিথ্যা তথ্য ছড়ানোর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যম কখনোই সংবেদনশীল বিষয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর জায়গা নয়।
ভিডিও প্রকাশের পর ভক্তরা স্বস্তির নিশ্বাস ফেলেন। অনেকে মন্তব্যে অভিনেতার সুস্থতা কামনা করেন এবং ভুয়া খবর ছড়ানোর প্রবণতার সমালোচনা করেন।
হিন্দি সিনেমার পরিচিত মুখ শক্তি কাপুর বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে কৌতুক ও খলচরিত্রের ভূমিকায় দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন। কাদের খান ও আসরনির সঙ্গে তাঁর জুটি ছিল অত্যন্ত জনপ্রিয়। তাঁরা তিনজন একসঙ্গে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
সম্প্রতি ‘মেরে হাসব্যান্ড কী বিবি’ ছবিতে তাঁকে দেখা গেছে। সেখানকার অভিনয়ও দর্শকদের প্রশংসা পেয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে






