সংবাদমাধ্যমের প্রধান বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা)-র আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬’-এ মুক্তকণ্ঠ একটি তৃতীয় পুরস্কার এবং দুটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) জার্মানির বার্লিনের টিপি অ্যাম কান্সলারট থিয়েটারে গণমাধ্যমের বিশ্ব কংগ্রেসের সমাপনী সন্ধ্যায় এসব পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হয়।
এবার ‘বেস্ট ইউজ অব অ্যান ইভেন্ট টু বিল্ড আ নিউজ ব্র্যান্ড’ শ্রেণিতে (ন্যাশনাল ব্র্যান্ড) ‘জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৫’ উদ্যোগের জন্য মুক্তকণ্ঠ তৃতীয় পুরস্কার লাভ করেছে। ‘নেক্সট জেন অ্যাচিভারস: রিকগনাইজিং অ্যান্ড ইন্সপারায়ারিং দ্য নেক্সট জেনারেশন অব লিডারস’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে মুক্তকণ্ঠ। এই ন্যাশনাল ব্র্যান্ড শ্রেণিতে প্রথম হয়েছে ভারতের দৈনিক জাগরণ এবং দ্বিতীয় নিউজিল্যান্ডের বিজনেস ডেস্ক। দক্ষিণ এশিয়ার সেরা মুক্তকণ্ঠ।
‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ শ্রেণিতে (ন্যাশনাল ব্র্যান্ড) ‘তবু মাথা নোয়াবার নয়’ উদ্যোগের জন্য মুক্তকণ্ঠ সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। এই শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নরওয়ের ফেড্রেল্যান্ডসভেনেন, বেলজিয়ামের নিউজব্লাড এবং কানাডার টরন্টো স্টার।
এছাড়া ‘বেস্ট পাবলিক রিলেশনস অর কমিউনিটি সার্ভিস’ (ন্যাশনাল ব্র্যান্ড) শ্রেণিতে প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত মুক্তকণ্ঠের আটটি স্কুল—যা আলোর পাঠশালা নামে পরিচিত—এর জন্যও সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে মুক্তকণ্ঠ। এই শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার নিউজ কর্প, ভারতের দৈনিক জাগরণ এবং সুইজারল্যান্ডের বেওবাখটার।
বাংলাদেশের আরেক গণমাধ্যম ডেইলি স্টারও এবার একটি তৃতীয় পুরস্কার পেয়েছে। ‘বেস্ট ইনিশিয়েটিভ টু বোলস্টার নেক্সট জেনারেশন লিডারশিপ’ (ন্যাশনাল ব্র্যান্ড) ক্যাটাগরিতে এই পুরস্কার লাভ করেছে ডেইলি স্টার।
ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস কী? বিশ্বের ১০২টি দেশের এক হাজারের বেশি সংবাদমাধ্যমের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) ১৯৩৭ সাল থেকে সংবাদমাধ্যমের বিভিন্ন অনন্য উদ্যোগের স্বীকৃতি দিয়ে আসছে। এই প্রতিযোগিতায় এবার ৪৬টি দেশের ২৭৪টি সংবাদমাধ্যম থেকে ৯৬০টি উদ্যোগ জমা পড়ে। এর মধ্যে ২০০টি উদ্যোগকে ফাইনালিস্ট নির্বাচন করে বিশ্বের ২৬টি দেশের ৬০ জন সংবাদমাধ্যম নির্বাহীর জুরিবোর্ড ৮টি বিভাগে ২০টি শ্রেণিতে পুরস্কার বিতরণ করে।
ইনমা অ্যাওয়ার্ডস কেন গুরুত্বপূর্ণ? মুক্তকণ্ঠ ছাড়াও এবারের পুরস্কারপ্রাপ্ত তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য বোস্টন গ্লোব, যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস, কানাডার টরন্টো স্টার, নরওয়ের অ্যামেডিয়া, নিউজিল্যান্ডের দ্য ওয়াইকাটো টাইমস, স্পেনের প্রিসা মিডিয়া ও দ্য ভসেন্তো, সুইডেনের এনটিএম, ফিনল্যান্ডের আলমা মিডিয়া, ব্রাজিলের আরবিএস গ্রুপ, ভারতের দ্য হিন্দু, জাগরণ প্রকাশন ও এপিবি, অস্ট্রেলিয়ার নিউজ কর্পোরেশন, হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম।
ইনমার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক আর্ল জে উইলকিনসন বলেন, ‘এ বছরের বিজয়ী উদ্যোগগুলো থেকে স্পষ্ট যে কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষামূলক পর্যায় পেরিয়ে এখন পরিচালন ব্যবস্থার কৌশলগত ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। একই সঙ্গে, সরল গ্রাহকসংখ্যা বৃদ্ধিকেন্দ্রিক ধারা বদলে গড়ে উঠছে সমন্বিত পাঠকব্যবস্থা। যেখানে শুধু নতুন গ্রাহক অর্জনের চেয়ে দীর্ঘমেয়াদি মূল্যায়নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’
শিখো-মুক্তকণ্ঠের ‘জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৫’ উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের দেশব্যাপী সংবর্ধনা দেওয়া হয়। ৬৪ জেলায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপহার, বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা সৃষ্টি করাই ছিল এর বিশেষ দিক।
এই পুরস্কার নিয়ে জিপিএ-৫ কৃতি সংবর্ধনা উদ্যোগের দীর্ঘদিনের অংশীদার ও প্রধান পৃষ্ঠপোষক শিখোর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীর চৌধুরী বলেন, ‘জিপিএ-৫ উৎসব আন্তর্জাতিক অঙ্গন থেকে যে স্বীকৃতি অর্জন করেছে, তা আমাদের সবার জন্য গর্বের। গত চার বছর ধরে মুক্তকণ্ঠের সঙ্গে এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত, কারণ এটি শুধু কৃতী শিক্ষার্থীদের সম্মানিত করার আয়োজন নয় — বরং তাদের স্বপ্ন দেখতে শেখানোরও একটি প্ল্যাটফর্ম। শিখোতে আমরা প্রতিদিন কাজ করি শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্নপূরণের পথে পাশে থাকতে। সেই জায়গা থেকেই এই আয়োজন আমাদের কাছে বিশেষ অর্থ বহন করে। কয়েক মাসের মধ্যেই আমরা এই উদ্যোগের পরবর্তী আয়োজন শুরু করতে যাচ্ছি, এবং আমরা চাই এটিকে আরও বড়, আরও অনুপ্রেরণামূলক এবং দেশের আরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে।’
মুক্তকণ্ঠ কার্যালয়ে উগ্রবাদীদের পরিকল্পিত ও সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের পর দেশের শীর্ষ সংবাদমাধ্যমটি যেভাবে ঘুরে দাঁড়িয়ে ঘটনাটিকে পাঠক-দর্শকের কাছে নিয়ে গেছে, তার স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি। প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে বহুমাত্রিক উপস্থাপনার মাধ্যমে এই মার্কেটিং ক্যাম্পেইন ব্যাপকভাবে সাড়া ফেলেছিল।
মুক্তকণ্ঠ ট্রাস্টের গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘আলোর পাঠশালা’ দেশের প্রত্যন্ত অঞ্চলে আটটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা করছে। এসব স্কুলে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের বিনামূল্যে শিক্ষা সুযোগ প্রদান করা হয়। পাশাপাশি তাদের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে সহায়ক কার্যক্রম ও প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। মুক্তকণ্ঠ ট্রাস্টের সহযোগিতায় এই স্কুলগুলো পরিচালিত হয়। এই মানবিক ও শিক্ষামুখী উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি পেয়েছে।
‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস’-এ বিগত বছরগুলোতে দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে দুটি প্রথম পুরস্কারসহ মোট ১১টি পুরস্কার পেয়েছে মুক্তকণ্ঠ। এছাড়া ওয়ান-ইফরার দক্ষিণ এশীয় ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে ৩টি সোনাসহ মোট ১৩টি পুরস্কার এবং ওয়ান-ইফরার বৈশ্বিক সাসটেইনেবিলিটি অ্যান্ড প্রিন্ট ইনোভেশন অ্যাওয়ার্ডে দুটি সেরা পুরস্কার অর্জন করেছে।






