ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চায় নয়াদিল্লি। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন তোলেন যে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলাদেশের একজন মন্ত্রী বলেছেন, ভারত থেকে ‘পুশব্যাক’ করা হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান কী?
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘দেখুন, গত কয়েক দিনে আমরা এ ধরনের মন্তব্য শুনেছি। এই মন্তব্যগুলোকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর মূল বিষয়ের পরিপ্রেক্ষিতে দেখতে হবে। এর জন্য অবশ্যই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। জাতীয়তা যাচাইয়ের ২ হাজার ৮৬০টির বেশি মামলা বাংলাদেশের কাছে ঝুলে রয়েছে। এর মধ্যে কিছু বা বেশ কিছু মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘আমাদের নীতি হলো, যেকোনো বিদেশি নাগরিক যিনি অবৈধভাবে আছেন, তাঁকে আইন, প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থা অনুযায়ী অবশ্যই প্রত্যাবাসন করা হবে।’
বাংলাদেশ জাতীয়তা যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন সুশৃঙ্খলভাবে হয় বলে আশা করেন জয়সোয়াল।
অন্য এক প্রশ্নে তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী রয়েছে, যা দুই দেশই ব্যবহার করে। পানিসংক্রান্ত সব বিষয়ে আলোচনার জন্য আমাদের সুসংগঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। এই দ্বিপক্ষীয় ব্যবস্থাগুলোর বৈঠক নিয়মিত বিরতিতে অব্যাহত রয়েছে।’






