বলিউডের সবচেয়ে আলোচিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির সাত সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে। রণবীর সিং অভিনীত এই গুপ্তচরভিত্তিক অ্যাকশন থ্রিলার চলতি বছর ভারতীয় বক্স অফিসে সবচেয়ে বড় হিট। বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও এটি অন্যতম সফল ভারতীয় সিনেমা হিসেবে একের পর এক রেকর্ড গড়েছে।

দর্শকদের এখন সবচেয়ে জোরালো প্রশ্ন—ওটিটিতে কবে আসবে ‘ধুরন্ধর ২’? নির্মাতারা এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা না করলেও, একটি আদালত মামলার শুনানিতে স্ট্রিমিং পরিকল্পনা প্রকাশ পেয়েছে।

সম্প্রতি দিল্লি হাইকোর্টে ‘ধুরন্ধর ২’-কে কেন্দ্র করে কপিরাইট মামলা হয়েছে। ছবির ক্লাইম্যাক্সে ব্যবহৃত হয়েছে জনপ্রিয় গান ‘তিরছি টোপিওয়ালে’-এর নতুন সংস্করণ ‘রং দে লাল’। এটি তৈরি করেছেন সংগীত পরিচালক শাশ্বত সচদেব। মূল গানটি ১৯৮৯ সালের ‘ত্রিদেব’ ছবিতে ব্যবহৃত হয়েছিল।

সেই ছবির পরিচালক ও প্রযোজক রাজীব রাই অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়া গানটি ব্যবহার করা হয়েছে। পরে তিনি আদালতে মামলা দায়ের করেন। প্রথমে দিল্লি হাইকোর্ট উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন। কিন্তু বুধবার শুনানিতে জানানো হয়, মধ্যস্থতা ব্যর্থ হয়েছে।

শুনানিতে ‘ধুরন্ধর ২’-এর অডিও ও মিউজিক স্বত্বের মালিক সুপার ক্যাসেটস মামলাকারীর অন্তর্বর্তীকালীন আবেদনের বিরোধিতা করে। অন্যদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান বি৬২ ফিল্মস আদালতকে জানায়, সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে এবং মে মাসের মাঝামাঝি আগে ওটিটিতে আসার সম্ভাবনা নেই।

এই তথ্য থেকে ওটিটি মুক্তির সময় নিয়ে আলোচনা জোরালো হয়েছে। বলিউডের বড় সিনেমায় সাধারণত ৮ থেকে ১০ সপ্তাহ থিয়েটার উইন্ডো রাখা হয়। ‘ধুরন্ধর ২’ ১৪ মে আট সপ্তাহ পূর্ণ করবে। ফলে মে মাসের দ্বিতীয়ার্ধে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম ‘ধুরন্ধর’ও একই পথ অনুসরণ করেছিল। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া সেই ছবি আট সপ্তাহ পর ওটিটিতে আসে। প্রথমটি নেটফ্লিক্সে মুক্তি পেলেও, সিক্যুয়েলটি জিওহটস্টারে স্ট্রিম হবে। তবে জিওহটস্টার চলমান আইপিএলও সম্প্রচার করছে। সেক্ষেত্রে আইপিএল শেষ (ফাইনাল ৩১ মে) হওয়ার পর মুক্তি পেতে পারে।

আদিত্য ধরের এই গুপ্তচর থ্রিলারে রণবীর সিং করাচিতে মিশনে থাকা ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। ছবি প্রযোজনা করেছে জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওস। রণবীরের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন প্রমুখ।

দুটি ‘ধুরন্ধর’ মিলিয়ে বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৩ হাজার ১০০ কোটি রুপি। ‘ধুরন্ধর ২’ বলিউডের সর্বোচ্চ ওপেনিং, সর্বোচ্চ দেশীয় আয়সহ একাধিক রেকর্ড গড়েছে। এটি প্রথম হিন্দি সিনেমা যা ভারতে ১০০০ কোটির বেশি নেট আয় করেছে। বিশ্বব্যাপী প্রায় ১৮০০ কোটি রুপি আয় নিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবিগুলোর একটি।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে