‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার) বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে দেশে ১১টি সিটি করপোরেশন রয়েছে। বগুড়া যোগ হলে এই সংখ্যা হবে ১২টি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।
দেশে এখন ৪৯৫টি উপজেলা রয়েছে। এই পাঁচটি নতুন উপজেলা যোগ হলে সংখ্যা হবে ৫০০।






