এখন থেকে ডাক জীবনবিমার প্রিমিয়াম বা কিস্তি জমা দেওয়ার জন্য ডাকঘরে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকরা ঘরে বসে মোবাইলের নগদ অ্যাপের মাধ্যমে এই টাকা সহজেই পরিশোধ করতে পারবেন। গত বুধবার বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে নগদ এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করে।

ডাক ভবনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মোহা. আবদুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার স্বাক্ষর করেন। নগদের পক্ষে চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ডাক জীবনবিমার সব ধরনের পলিসি—আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট বিমা ও বিবাহবিমা—এর কিস্তি নগদের মাধ্যমে জমা দেওয়া যাবে।

ডাক জীবনবিমা সেবায় প্রায় দুই লাখ গ্রাহক রয়েছেন। আগে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকঘরে গিয়ে কিস্তি জমা দিতেন। এখন চুক্তির ফলে গ্রাহকরা নগদ অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

গ্রাহকরা নগদ অ্যাপের ‘বিল পে’ অপশনে গিয়ে ‘ডাক জীবনবিমা’ বা ‘PLI’ নির্বাচন করে পলিসি নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিলেই কিস্তি পরিশোধ সম্পন্ন করতে পারবেন। পেমেন্ট সফল হলে তাৎক্ষণিক ডিজিটাল রিসিপ্ট ও কনফারমেশন মেসেজ পাবেন, যা ভবিষ্যতে প্রমাণ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, “নগদের মাধ্যমে প্রিমিয়াম দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকেরা যেমন দ্রুত সেবা পাবেন, তেমনি ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে।” নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “নগদের মাধ্যমে এই টাকা জমা দেওয়ার সুযোগ তৈরির ফলে গ্রাহকদের ভোগান্তি যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন) পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) ও অতিরিক্ত দায়িত্ব (পরিকল্পনা) মো. জাকির হাসান নূরসহ নগদের উচ্চপদস্থ কর্মকর্তারা।