জামালপুর শহরের বোষপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার সকালে একটি শিয়াল জঙ্গল থেকে মুখে নবজাতকের মরদেহ টেনে রাস্তায় নিয়ে আসে। স্থানীয় লোকজন ঘটনা দেখে চিৎকার করলে শিয়ালটি মরদেহ ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোষপাড়া এলাকার একটি পুকুরপাড়ে সংলগ্ন জঙ্গল থেকে শিয়ালটি নবজাতকের মরদেহ রাস্তায় নিয়ে আসে। তখন স্থানীয় কয়েকজন দেখে শিয়ালটিকে তাড়িয়ে দেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘লোকজনের মুখে শুনে সেখানে গিয়েছিলাম। জঙ্গলে ফেলে রাখার সময় নবজাতকটি জীবিত নাকি মৃত ছিল, তা কেউ বলতে পারছে না। বিষয়টি কারও নজরে আসেনি। শিয়ালটি মরদেহটি টেনে রাস্তায় আনলে সবাই জানতে পারে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘মানুষ সন্তানের জন্য কত কষ্ট করে। আর এমন নিষ্পাপ শিশুটিকে জঙ্গলে ফেলে যাওয়া সত্যিই হৃদয়বিদারক।’
জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নবজাতকটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। কীভাবে নবজাতকটি সেখানে এল বা কারা ফেলে গেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






