আদালতের কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো আদালতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন ৬ মে সই করা একটি জরুরি নোটিশে এ নির্দেশনা জারি করা হয়েছে। এই নোটিশটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নোটিশে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের নজরে এসেছে যে বিভিন্ন আদালতে কর্তব্যরত কতিপয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালে নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো আদালতে না যাওয়ার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।






