মাদারীপুরের শিবচরে এক বন্ধুর স্কুলব্যাগ থেকে আচার চুরির সন্দেহে এক স্কুলছাত্রকে তার সহপাঠীরা রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ। গতকাল বুধবার সন্ধ্যায় শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ডের রূপসী বাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্র জুবায়ের আহম্মেদ (১৬) পাঁচ্চর উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শামীম হোসেনও একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে জুবায়েরের এক বন্ধুর স্কুলব্যাগ থেকে আচার চুরি হয়। এ ঘটনায় শামীমকে সন্দেহ করে জুবায়ের তাকে জিজ্ঞাসাবাদ করলে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে গতকাল সন্ধ্যায় জুবায়েরকে একা পেয়ে শামীম দলবল নিয়ে হঠাৎ হামলা চালায় বলে অভিযোগ। লোহার রড দিয়ে তার মাথায় আঘাত হলে জুবায়ের গুরুতর আহত হন। আহত অবস্থায় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জুবায়েরের মা লাকি বেগম বলেন, ‘সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ওরা আমার ছেলেকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে। আমি এর বিচার চাই।’

অভিযোগের বিষয়ে শামীম হোসেন বলে, ‘আমাকে জুবায়ের আগে মারধর করেছে। রড দিয়ে আমরা কেউ তাকে মারধর করিনি। আমার নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে।’

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মুঞ্জুল মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।