জামালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে তিন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানাও আদায়ের নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা শিপন (২১), ইব্রাহিম (২৭) ও ইউসুফ আলী (২২)। তাঁরা ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তাঁরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ওই যুবক ছাত্রীকে একটি পতিত জমির মাঠে ডেকে নেন। সেখানে তিনি ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় শিপন, ইব্রাহিম ও ইউসুফ সেখানে ওত পেতে ছিলেন। তারা এগিয়ে আসলে যুবকটি দৌড়ে পালিয়ে যান। এরপর তিনজন মিলে ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।

ঘটনার ১৬ দিন পর ২০২৪ সালের ৫ মে ছাত্রীর বাবা ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। এতে ওই চারজনকে আসামি করা হয়। শুনানি শেষে আজ আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর সরকারি কৌঁসুলি ফজলুল হক বলেন, মামলায় ভুক্তভোগী ছাত্রীসহ নয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আসামিরা সবাই ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। এতে অভিযোগটি প্রমাণিত হয়েছে। এ কারণে ওই তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। আর ওই যুবককে খালাস দিয়েছেন আদালত।