রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে সংঘটিত হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার এই আদেশ জারি হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালের অন্য সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। তাদের তিনজনকে ১৪ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দীপু মনি, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা ইতিমধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছে।
পরবর্তীতে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের ব্রিফিং দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, "তাঁরা (তিন আসামি) যেহেতু হেফাজতে আছেন, তাঁদের প্রোডাকশন (হাজির) চাওয়া হয়েছে। আগামী তারিখে হয়তো এই মামলা তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। সেখান থেকে তাঁদের সেফ হোমে নিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হবে এই মামলার স্বার্থে।"
এই মামলায় আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম প্রমুখ এই মামলার আসামি।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেছেন, এই ৫৮ জনের পরিচয় তাঁরা শনাক্ত করতে পেরেছেন।






