নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার পূর্ব নিমাইকাশারী এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে গার্মেন্টসকর্মী বর্ষা আক্তারের (২০) গলাকাটা মরদেহ পুলিশ উদ্ধার করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে অর্ধগলিত এই মরদেহটি পাওয়া যায়।

বর্ষা আক্তার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং স্বামী মামুনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। মামুনের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায়।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, দুই থেকে তিন দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে বর্ষার শেষ কথা হয়। তারপর থেকে তার মুঠোফোন নম্বর বন্ধ আসছে। একইসঙ্গে কয়েকদিন ধরে স্থানীয়রা ঘরের বাইরে তালা ঝুলতে দেখছিলেন। গতকাল সন্ধ্যায় ঘর থেকে দুর্গন্ধ পাওয়ায় তারা বর্ষার পরিবার ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পরে তালা ভেঙে ভিতরে ঢুকে বর্ষার মুখ ও পা বাঁধা অবস্থায় অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করে।

বর্ষার মা সুলতানা বেগম বলেন, প্রায় দেড় মাস আগে মামুনের প্রথম স্ত্রীকে কেন্দ্র করে বর্ষার সঙ্গে বিরোধ হয়। এরপর থেকে মামুনের বাসায় আসা-যাওয়া কমে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বর্ষার স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।