আইপিএলে চার-ছক্কার বর্ষণ করে সংবাদপত্রের শিরোনাম স্থান করে নিচ্ছেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। কিন্তু মাঠের এই সাফল্যের ছায়ায় পড়েছে এক বিতর্ক। কর্ণাটকের এক সমাজকর্মী সূর্যবংশীর আইপিএলে খেলাকে ‘শিশুশ্রম’ আইন লঙ্ঘন বলে অভিযোগ তুলেছেন।
সমাজকর্মী সি এম শিবকুমার নায়েক এফআইআর দায়েরের আবেদন জানিয়ে বলেছেন, এত কম বয়সে কোনো কিশোরকে উচ্চপর্যায়ের পেশাদার লিগে খেলানো আইনত প্রশ্নবিদ্ধ। এ ব্যাপারে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে সি এম শিবকুমার নায়েক বলছেন, পেশাদার ক্রিকেট-ব্যবস্থার মাধ্যমে কিশোর সূর্যবংশীকে ‘শোষণ’ করা হচ্ছে। শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তিনি সূর্যবংশীর দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বা আইনি ব্যবস্থা নেওয়ার ইচ্ছা জানিয়েছেন।
ভিডিওতে শিবকুমার বলেন, ‘রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশীকে শোষণ করা হচ্ছে। সে কেবলই এক শিশু, বয়স মাত্র ১৫। এই বয়সেই তাকে আইপিএলের মতো পেশাদার ক্রিকেটে নিয়ে আসা হয়েছে। এটি শিশুশ্রম ছাড়া আর কিছুই নয়।’
ক্ষোভ প্রকাশ করে শিবকুমার বলেন, ‘এত বড় একটি লিগে তারা একজন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে কীভাবে খেলাতে পারে? এই অল্প বয়সে ক্রিকেট খেলার বদলে তার উচিত পড়াশোনা করা, স্কুলে যাওয়া এবং নিজের শিক্ষা সম্পন্ন করা।’ এই বয়সে সূর্যবংশীকে এমন প্রতিযোগিতায় খেলানো দেশের তরুণ প্রজন্মের জন্য ‘খুবই খারাপ একটি নজির’ তৈরি করছে বলেও তিনি দাবি করেন।
নিজের অবস্থান স্পষ্ট করে শিবকুমার যোগ করেন, ‘আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের দায়ে আমি রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ বা আইনি ব্যবস্থা নেব। এই ছেলেকে আইপিএল খেলতে দেবেন না, এটি শিশুশ্রম; তার পড়াশোনা করা উচিত।’
আইপিএলে এবারসহ গত দুই মৌসুম ধরে সূর্যবংশী আলোচনার কেন্দ্রবিন্দু। ২০২৫ সালের এপ্রিলে মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে তাঁর এ টুর্নামেন্টে অভিষেক। এরপর থেকে বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডগুলো নতুন করে লেখা হয়েছে। ২০২৫ ও ২০২৬ আইপিএলের দুই আসর মিলিয়ে ১৭ ম্যাচে সূর্যবংশীর সংগ্রহ ৬৫৬ রান। ৩৮.৫৯ গড় এবং স্ট্রাইক রেট ২২৪.৬৬! এর মধ্যে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি রয়েছে।
২০২৫ আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে তিনি টি-টুয়েন্টিতে সর্বকনিষ্ঠ বয়সী সেঞ্চুরি-স্কোরার হিসেবে রেকর্ড গড়েন। মাত্র ৩৫ বলে করা সেই সেঞ্চুরিটি ছিল আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম তিন অঙ্কের ইনিংস।
২০২৬ আইপিএলে সেই ধারা অব্যাহত রেখেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৭ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।
আইপিএলের বাইরে চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও সূর্যবংশী আলো ছড়িয়েছেন। ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের দানবীয় ইনিংস খেলে ভারতকে শিরোপা জিতিয়ে দেন। নিজে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কম বয়সে লিস্ট ‘এ’ সেঞ্চুরি এবং বিহারের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৫০ রানের ইনিংসের রেকর্ডও সূর্যবংশীর নামে।
২০২০ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের জন্য সর্বনিম্ন বয়সের নিয়ম চালু করে আইসিসি। এই নিয়ম অনুযায়ী, পুরুষ ও নারী ক্রিকেটের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে হলে খেলোয়াড়ের বয়স অন্তত ১৫ বছর হতে হবে।
আইসিসি তাদের অফিসিয়াল বিবৃতিতে তখন জানিয়েছিল, ‘খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করতে বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন বয়সের এই বিধিনিষেধ অনুমোদন করেছে।’
আইসিসির যেকোনো টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তবে এ নিয়ম শুধু আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রযোজ্য। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ক্ষেত্রে আইসিসির এই নীতিমালা বাধ্যতামূলক নয়।






