দেশের সোনা বাজারে টানা দুই দিন সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ২২ ক্যারেট ভালো মানের সোনার ভরিপ্রতি দাম হয়েছে ২,২১৬ টাকা বেশি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। গতকাল বুধবার সোনার দাম কমানো হয়েছিল। তবে তার আগে একাধিকবার দাম কমানো হয়েছে।

নতুন দরমতে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা; ১৮ ক্যারেটের ২ লাখ ২১৩ টাকা; সনাতন পদ্ধতির সোনার ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

আজ মূল্যবৃদ্ধির আগে দাম ছিল—২২ ক্যারেটের ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর সঙ্গে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৫ হাজার ৭৭৪ টাকা। আগে ছিল ৫ হাজার ৬৫৭ টাকা।

২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি; বরং কমেছে। গত ৩০ দিনে আউন্সপ্রতি ৬৭ ডলার কমেছে। তবে কয়েক দিন ধরে কিছুটা বাড়ছে, যার ফলে দেশের বাজারে টানা দুই দিন দাম বাড়ানো হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইতিমধ্যে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৭ ডলার বেড়েছে। এখন দাম আউন্সপ্রতি ৪ হাজার ৭০০ ডলার। চলতি বছরের শুরুতে ছিল ৫ হাজার ডলারের ওপরে।

এখন কয়েক দিন ধরে সোনার দাম বাড়লেও চলমান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম খুব একটা বাড়বে, তেমন পূর্বাভাস নেই।