ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ক্যারিয়ারের সেরা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলেছেন। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে আল নাসর থেকে যা পাচ্ছেন, তা ইউরোপের ওই শীর্ষ ক্লাবগুলোতেও পাননি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা সৌদি আরবের এই ক্লাব থেকে বছরে ২০ কোটি মার্কিন ডলারের বেশি বেতন পান।

২০২৩ সালের শেষ দিকে রোনালদোর সঙ্গে করা চুক্তি সৌদি আরবের খেলাধুলায় আগ্রাসী অগ্রগতির বড় উদাহরণ। শুধু ফুটবল নয়, টেনিস, গলফ থেকে স্নোবোর্ডিংয় পর্যন্ত সব খেলায় তাদের বিশাল বিনিয়োগ গত এক দশকে ক্রীড়া জগতের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

তেল-সমৃদ্ধ এই দেশ ক্যারিয়ারের শেষ দিকের ফুটবলারদের প্রলোভনীয় বেতনে সৌদি প্রো লিগে টেনেছে। ফিফার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের অধিকারও অর্জন করেছে। এছাড়া প্রিমিয়ার লিগে একটি ক্লাব ক্রয়, গলফ জগতকে দুই ভাগে বিভক্ত করা এবং স্নুকার, মেয়েদের টেনিস থেকে কুস্তি পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা—এসব মিলিয়ে খেলাধুলায় বিশাল কর্মসূচিতে জড়িয়েছে।

এই বিনিয়োগ সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ বলা হয়েছে। লক্ষ্য তেলের ওপর একক নির্ভরতা কমিয়ে আয়ের উৎস বহুমুখী করা। তবে অনেকে এটাকে ‘স্পোর্টসওয়াশিং’ বলে অভিহিত করেন, যার অর্থ খেলাধুলাকে ঢাল করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে নজর সরানো।

গত সপ্তাহে সৌদি আরব এলআইভি গলফ বন্ধ করে দিয়েছে। এটি সরকারি বিনিয়োগ তহবিল ‘পিআইএফ’ পরিচালনা করত। সংস্থাটি জানিয়েছে, গলফে দীর্ঘমেয়াদি বিশাল বিনিয়োগ এখন তাদের বর্তমান কৌশলের সঙ্গে মেলে না। ২০২১ সালে শুরু এই এলআইভি গলফ ‘পিজিএ ট্যুর’ থেকে আলাদা ‘পিজিএ ট্যুর’ থেকে আলাদা হয়ে গিয়েছিল। কারণিক টাকার লোভে অনেক নামকরা খেলোয়াড় এতে যোগ দিয়েছিলেন।

গত এপ্রিলে পিআইএফ তাদের ফুটবল ক্লাব ‘আল হিলালের’ ৭০ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে। কারণ হিসেবে বলেছে, দেশের অভ্যন্তরীণ মূলধন ব্যবহারের কৌশল। এরপর গুঞ্জন উঠেছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানাও ছাড়তে পারে পিআইএফ। যদিও এখন পর্যন্ত ছাড়বে না বলে খবর। বিশেষ করে ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে ফুটবলের সঙ্গে যুক্ততা বাড়ানোর উদ্দেশ্যও রয়েছে।

সৌদি আরবে অনেক আসর গত কয়েক মাসে বাতিল হয়েছে। ১০ বছরের চুক্তির মাত্র দুই বছর পর ‘সৌদি আরব মাস্টার্স’ স্নুকার টুর্নামেন্ট বাতিল। মেয়েদের টেনিস থেকে বিনিয়োগ তুলে একটি ইভেন্ট বন্ধ। এছাড়া ২০৩৫ সালের রাগবি বিশ্বকাপ ও ২০২৯ সালের এশিয়ান উইন্টার গেমস আয়োজনের পরিকল্পনা বাদ। যুদ্ধের কারণে এপ্রিলে সৌদি আরব গ্রাঁ প্রি বাতিল হয়েছে।

ডয়েচে ভেলের প্রতিবেদন বলছে, এর পেছনে অর্থনৈতিক ও রাজনৈতিক দুটি কারণ। গত সপ্তাহে পিআইএফের প্রধান ইয়াসির আল-রুমায়ান জানান, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব এবং খেলাধুলা থেকে আশানুরূপ লাভ না হওয়ায় বিনিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন। পিআইএফ জানিয়েছে, ২০২৬ থেকে ২০৩০ সালের জন্য নতুন কৌশল হবে দ্রুত প্রসারের বদলে স্থায়ী লাভ ও স্বচ্ছতা নিশ্চিত করা।

আল-রুমায়ান নিউক্যাসল ইউনাইটেডের চেয়ারম্যান, রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো এবং এক বড় খনি কোম্পানিরও প্রধান। তিনি মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ ব্যক্তি। এসব পদের কারণে সরকার খেলাধুলাসহ বিভিন্ন খাতে সহজে নিয়ন্ত্রণ রাখতে পারে। আরামকো নিজেও অনেক বড় খেলায় স্পনসর করে।