‘দমের মাদার’ নাটকের ৮০তম প্রদর্শনীর উপলক্ষে তিন দিনের ‘দমের মাদার নাট্যোৎসব: ৮০-তে যাত্রা’ উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নাটকটির ৭৬তম প্রদর্শনী।

নির্দেশক আইরিন পারভীন বলেন, “২০১০ সালে আমরা কয়েকজন সমমনা নাট্যকর্মী নাট্যম রেপার্টরি প্রতিষ্ঠার পর ভাবলাম, বাংলাদেশের লোকজ কোনো আঙ্গিককে নাগরিক মানুষের সামনে উপস্থাপন করব। সেই পরিকল্পনা থেকেই তৈরি হয় “দমের মাদার”। মাদারপীরের এই আখ্যানটি নিয়ে গত ১৬ বছরে ১৬টি আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিয়েছি। অবশেষে নাটকটির ৮০তম প্রদর্শনী হতে যাচ্ছে। এটা আমাদের বড় প্রাপ্তি।”

লোকপালার গীতল ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এই নাটকটি মঞ্চায়নে আধুনিক নাট্যভাষা অনুসরণ করেছে। লোকজ আঙ্গিকের উপাদান বজায় রেখে অভিনয়, মঞ্চ ও পরিবেশনায় সমকালীন বিন্যাস যুক্ত হয়েছে। নির্দেশকের ভাষ্যে, ‘তারে দেখি না বলেই তার তরে সকল সাধনা’—এই ভাবনা থেকেই নাটকটি জীবাত্মা ও পরমাত্মার মিলনের অনুসন্ধানকে মঞ্চে রূপ দিতে চেয়েছে।

নাট্যম রেপার্টরির প্রযোজনায় সাধনা আহমেদের রচনা ও আইরিন পারভীনের নির্দেশনায় অভিনয় করেছেন শিশির রহমান, পারভীন আখতার, লিটা খান, শুভাশীষ দত্ত, শাকিল আহমেদ, অমিতাভ রাজীব, মনোহরচন্দ্র দাশ, শরিফুল ইসলাম প্রমুখ।

আজ বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একই মঞ্চে মঞ্চস্থ হবে যথাক্রমে ৭৭তম ও ৭৮তম প্রদর্শনী। আগামীকাল শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে ৭৯তম এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৮০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।