নারায়ণগঞ্জ সদরের কাশিপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পাঁচজনকে আটক করার পর সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। বুধবার বিকেলে কাশিপুর ইউনিয়নের হাসেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সোলায়মানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তারা ধাওয়া দিয়ে আবদুল্লাহ ও তাঁর সহযোগীকে আটক করে হাতকড়া পরান। একই সঙ্গে লুটের মালামাল বহনকারী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরপরই পুলিশের আরেকটি দলও সেখানে এসে পৌঁছে। তখন জনি নামের একজনের নেতৃত্বে সন্ত্রাসীরা চাপাতি ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা করে। তারা হাতকড়াসহ আটক করা সবাইকে ছিনিয়ে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, হাসেম বাগ এলাকায় স্থানীয় জনি গ্রুপের সন্ত্রাসীরা পুলিশের সাবেক সদস্যের একটি টিনশেড বাড়ি দখলের জন্য হামলা চালিয়ে লুটপাট করছিল। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে থাকা লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি। তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে শহরের দেওভোগ লিচু বাগ এলাকায় র‍্যাবের গোয়েন্দা দল মাদকের আস্তানার তথ্য সংগ্রহ করতে গেলে হামলার শিকার হয়। সন্ত্রাসীরা তিন র‍্যাব সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।