মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২২ সালের ২০ অক্টোবর রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। মুক্তকণ্ঠ ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম। উক্ত পরামর্শ সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

পরীক্ষা খারাপ হলে অনেক শিক্ষার্থীর মনেই প্রথম যে চিন্তাটি আসে, তা হলো—‘মা-বাবা কী বলবেন?’ এই ভয় ও টেনশন থেকে মুক্তি কি? এর উত্তরে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী দ্বীপায়ন সরকারের এক প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা জানান, সব পরীক্ষা সব সময় ভালো হবে—এমনটা ভাবা ঠিক নয়। অভিভাবকদের এই বাস্তবতা বুঝতে হবে। কোনো কারণে পরীক্ষা খারাপ হলে শিক্ষার্থীদের ভয় পেয়ে অস্থির হওয়া যাবে না। এর বদলে মা-বাবাকে বুঝিয়ে বলতে হবে এবং পরবর্তী পরীক্ষায় ভালো করার প্রতিজ্ঞা নিতে হবে।’