জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠাতে সরকার পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিবছর বিপুল সংখ্যক কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পাঠানো হবে, যেখানে ব্যক্তিগত খরচ ছাড়াই সরকারি সুবিধার আওতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

শনিবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে “অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: জাপান প্রেক্ষিত” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে দক্ষতা অর্জনের মাধ্যমে সাধারণ মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। এতে যেমন রেমিট্যান্স বৃদ্ধি পাবে, তেমনি স্থানীয় অর্থনীতিরও উন্নয়ন ঘটবে।

তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো দালাল বা অসাধু চক্রের প্রলোভনে পড়ে প্রতারিত না হতে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বক্তব্য রাখেন।

সেমিনারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ১৩০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।