রাঙামাটির কাপ্তাই হ্রদে নির্মিত জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের চারটিতেই উৎপাদন বন্ধ রয়েছে। স্বাভাবিক সময়ে ওই বিদ্যুৎকেন্দ্রে ২৪২ মেগাওয়াট উৎপাদন হলেও এখন হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট। এ ছাড়া রাঙামাটি জেলাতেও সরবরাহ কমেছে। জেলায় প্রতিদিন ৩২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে ১৮ মেগাওয়াট।

কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান মুক্তকণ্ঠকে বলেন, কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় চারটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। বাকি একটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে এতে দৈনিক ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সব কটি ইউনিট চালু করলে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাবে। গতকাল পর্যন্ত হ্রদের পানির লেভেল (মিন সি লেভেল) ছিল ৭৭ দশমিক ৪৭ ফুট।

জানতে চাইলে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার মুক্তকণ্ঠকে বলেন, জেলায় রাতে বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট। তবে এখন সরবরাহ পাওয়া যাচ্ছে ১১ মেগাওয়াট। আর দিনের বেলায় চাহিদা ১৪ মেগাওয়াট। দিনে পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট বিদ্যুৎ। এ কারণে লোডশেডিং বাড়াতে হয়েছে।