মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট মুক্তকণ্ঠের কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় মনরোগ বিশেষজ্ঞগণ বলেন, ‘সন্তানের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনে নতুন নতুন মানসিক ও সামাজিক সংকট তৈরি হওয়া স্বাভাবিক। এসব ক্ষেত্রে সন্তানদের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে বা তাদের দোষারোপ না করে, তাদের মনের কথা ‍শুনতে হবে এবং পাশে থাকতে হবে। এ ছাড়া সন্তান যখন কোনো সমস্যায় পড়ে, তখন তাকে বিচারকের কাঠগড়ায় না দাঁড় করিয়ে তার কষ্টকে অনুধাবন করা জরুরি। সন্তান সমস্যাটিকে কীভাবে দেখছে বা কেন এমনটি ঘটেছে, তা মন দিয়ে শুনলে তাদের মধ্যে একাকিত্বের বোধ দূর হয়।’