নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক দম্পতি ও তাঁর দুই ছেলে–মেয়েকে হত্যার ঘটনায় সম্ভাব্য দুটি কারণ জানা যাচ্ছে। ডাকাতি অথবা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে নিহত ব্যক্তিদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ ধারণা করছে। এ দুটি বিষয় সামনে রেখে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে গিয়ে দেখা যায়, নিহত ব্যক্তিদের মরদেহ বাড়ির আঙিনায় ঢেকে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ পপি সুলতানার (৩০) মা সাবিনা বেগম মেয়ে, জামাতা ও দুই নাতি–নাতনির মরদেহের পাশা আহাজারি করছিলেন।
.আহাজারি করতে করতে সাবিনা বেগম বলেন, ‘১৩-১৪ বছর আগে মেয়ের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে ননদরা আমার মেয়ের সঙ্গে অশান্তি করে। এক বাচ্চা হওয়ার পরে মেয়ে যখন বেড়াতে যায়, তখন মেয়েকে তালাক পাঠায়। বোনেরা মিলে গন্ডগোল করে; কিন্তু আমার জামাইয়ের একই কথা, “আমি নেব, সংসার করব।” আমার জামাইয়ের ওপর ভরসা করে মেয়েকে আবারও পাঠাই। আমার মেয়েকে তারা বহুদিন থেকে নির্যাতন করতেছে। জমির ভাগাভাগি নিয়ে ওরা পাঁচ বোন মিলেই আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে মেরে ফেলছে।’
গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পপি সুলতানাসহ তাঁর পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের শিকার অন্য তিনজন হলেন পপি সুলতানার স্বামী হাবিবুর রহমান (৩৫), তাঁর ছেলে পারভেজ রহমান (৯) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। আজ সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
.সাবিনা বেগম আরও বলেন, ‘কয়েক দিন আগে আমার মেয়ের ননদ শিরিনা, তার স্বামী ও ছেলের বউ মিলে আমার মেয়েকে মারধর করে। তখন তারা থানায় যায়। পুলিশ ওদের অভিযোগ নিলেও আমার জামাইয়ের কোনো অভিযোগ নেয়নি। পরে গ্রামের মানুষ আপস–মীমাংসা করে দেয়। জমি যখন আমার জামাইকে দেয়, তখন তার পাঁচ বোনকেও আড়াই বিঘা করে জমি লিখে দেয় আমার মেয়ের শ্বশুর। আর আমার জামাইকে ভিটাবাড়ি মিলে ১০ বিঘা জমি দেয়। এইটা নিয়েই তাদের হিংসা শুরু হয়। আমি এদের সবার ফাঁসি চাই।’
নিহত হাবিবুরের বাবা নমির উদ্দিন (৭০) বলেন, ‘আমার ছেলে, বউমা আর দুই নাতিনাতনি রাতে একই ঘরে ঘুমাইছিল। আর আমি অন্য ঘুরে ঘুমাইছিলাম। কখন তাদের মাইরে গেছে, আমি কিছুই জানতে পারিনি। সকালে বাড়ির বাইরের দরজা খোলা দেখে এক প্রতিবেশী বাড়িত ঢুকে প্রথমে আঙিনায় বউমার লাশ দেখে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আমার ঘুম ভাঙে। উঠে দেখি, আঙিনায় বউমার রক্তাক্ত লাশ। আর ঘরের ভেতর ছেলে ও নাতি–নাতনির লাশ। আমার ছেলে ও তার পরিবারকে শেষ করে দিছে।’
.নওগাঁয় দম্পতির গলাকাটা লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল দুই ছেলে–মেয়ের মরদেহ.নিহত হাবিবুরের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাবিবুর পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। গতকাল মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করতে গিয়েছিলেন হাবিবুর। তাঁর কাছে থাকা গরু বিক্রির টাকা লুট করার জন্য এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের প্রত্যেকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করার পর হাবিবুর ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। হাবিবুরের স্ত্রী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাড়ির আঙিনায় মাথায় আঘাত ও গলা কেটে তাঁকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সবুজ হোসেন (২৫) নামের একজনকে থানায় নেওয়া হয়েছে। সবুজ হোসেন নিহত হাবিবুরের ভাগনে। প্রাথমিকভাবে ডাকাতি অথবা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে, এমন দুটি বিষয় মাথায় নিয়ে পুলিশ তদন্ত করছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), জেলা গোয়েন্দা শাখা এবং নিয়ামতপুর থানা–পুলিশের সমন্বয়ে তিনটি পৃথক দল সর্বাত্মকভাবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে এবং আসামি গ্রেপ্তারে তৎপর রয়েছে।






