তীব্র তাপদাহের মধ্যে জয়পুরহাটে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে তিনি ব্যক্তিগত উদ্যোগে অভিভাবকদের মাঝে সুপেয় পানি, জুস ও ওরস্যালাইন বিতরণ করেন। চলমান গরমে যখন জনজীবন বিপর্যস্ত, তখন দীর্ঘ সময় ধরে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে মোক্তাদুল হক আদনান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং নিজ হাতে উপস্থিত অভিভাবকদের মাঝে পানির বোতল ও স্যালাইন তুলে দেন। এ সময় অনেক অভিভাবক স্বস্তি প্রকাশ করে তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এ বিষয়ে মোক্তাদুল হক আদনান বলেন, “তীব্র গরমে সন্তানরা যখন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, তখন অভিভাবকরা বাইরে দুশ্চিন্তা ও কষ্টে সময় পার করছেন। তাদের পাশে দাঁড়িয়ে সামান্য স্বস্তি দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনে পাশে থাকা আমাদের দায়িত্ব।”

উপস্থিত অভিভাবকদের মতে, প্রচণ্ড গরমে এই পানি ও ওরস্যালাইন তাদের জন্য তাৎক্ষণিক স্বস্তি নিয়ে এসেছে এবং উদ্যোগটি সময়োপযোগী ও প্রশংসনীয়।

এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি, ছাত্রদল নেতা ইমন, তুষার, আলামিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে কার্যক্রমে সহায়তা করেন।