সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি—ছোট্ট হাতের মুঠোয় ধরা একটি ‘প্রেগন্যান্সি কিট’। আর সেই ছবিই এখন বলিউডজুড়ে আলোচনার কেন্দ্র। দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন—এই সুখবরটি নিজেই জানালেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ধরা রয়েছে প্রেগন্যান্সি টেস্ট কিট। কোনো দীর্ঘ ক্যাপশন নয়, খুবই সংযত ভঙ্গিতে এই ছবির মাধ্যমেই সুখবরটি জানান অভিনেত্রী। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়, ভক্ত–সহকর্মীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই বলিউড অভিনেত্রী পরীনীতি চোপড়া মন্তব্য করেন, ‘কনগ্রেটস!’—যা দ্রুতই নজর কাড়ে।
গত কয়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল, আবারও মা হতে যাচ্ছেন দীপিকা। তবে তিনি নিজে বিষয়টি নিয়ে কিছু বলেননি। অবশেষে নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন এই ছবির মাধ্যমে। ছবির সরলতা আর বার্তার উষ্ণতা—দুটিই মুগ্ধ করেছে ভক্তদের।
নিজেরা সরাসরি ঘোষণা না দিলেও স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার এই নতুন অধ্যায় ঘিরে এখন ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। ২০১৮ সালে ইতালির লেক কোমোতে ধুমধাম করে বিয়ে করেন এই তারকা দম্পতি। এরপর তাঁদের সংসারে আসে প্রথম সন্তান—মেয়ে দুয়া। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এবার দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা দিলেন তাঁরা।
ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সংযত দীপিকা। তাই এমন একান্ত সুখবরও তিনি জানালেন নীরবে, কিন্তু হৃদয়ছোঁয়া এক ছবির মাধ্যমে—যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দের বার্তা হয়ে ছড়িয়ে পড়েছে।






