বগুড়ায় সামিউল ইসলাম সিয়াম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছে।

আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন ঢাকা-রংপুর ও বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার শাকপালা ইন্টারসেকশনে গড়ে তোলা শাকপালা সিঅ্যান্ডবি পার্কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সামিউলের বন্ধু তুহিন (১৬) আহত হয়েছে।

সামিউল বগুড়ার ফুলতলা ক্যান্টনমেন্ট পাড়ার সাদিকুল ইসলামের ছেলে। তার স্থানীয় নর্থগার্ডেন স্কুল অ্যান্ড কলেজ থেকে আগামী মঙ্গলবার থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। আহত তুহিন (১৬) ফুলতলা ক্যান্টনমেন্ট পাড়ার হিরো মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামিউলের সঙ্গে স্থানীয় কয়েকজন কিশোরের বিরোধ ছিল। শুক্রবার বিকেলে বন্ধুকে সঙ্গে নিয়ে সামিউল শাকপালা সিঅ্যান্ডবি পার্কে ঘুরতে গেলে প্রতিপক্ষের কিশোরেরা তার ওপর হামলা চালায়। এ সময় সামিউলকে ছুরিকাঘাত ও তুহিনকে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সামিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তুহিনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল মুক্তকণ্ঠকে বলেন, সামিউলের বাবা সাদিকুল ইসলাম ঢাকায় নিরাপত্তাকর্মীর চাকরি করেন। সামিউলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।