‘ক্রিকেটের বাইবেল’ নামে পরিচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৬৩তম সংস্করণ আগামীকাল বুধবার প্রকাশিত হবে। প্রথা অনুযায়ী তার আগেই ঘোষণা করা হয়েছে বছরের সেরাদের নাম। ২০২৫ সালের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক হয়েছেন বর্ষসেরা পুরুষ ক্রিকেটার। এই স্বীকৃতির আনুষ্ঠানিক নাম ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’। নারী বিভাগে ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হয়েছেন ভারতের দীপ্তি শর্মা, যিনি ঘরের মাঠে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
৩৬ বছর বয়সী মিচেল স্টার্কের গত বছর ছিল স্বপ্নের মতো। পুরো বছরে ১১টি টেস্টে ১৭.৩২ গড়ে ৫৫ উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯ রানে ৬ উইকেট ছিল তার ক্যারিয়ারের সেরা বোলিং। এই ফর্ম অ্যাশেজ সিরিজেও বজায় রেখে প্রথম দুই টেস্টে ১৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে বড় অবদান রাখেন। পুরো সিরিজে ১৯.৯৩ গড়ে ৩১ উইকেট নিয়েছেন।
অন্যদিকে, ভারতের মেয়েদের প্রথম বিশ্বকাপ জয়ে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ২৮ বছর বয়সী দীপ্তি শর্মার। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পথে তিনি টুর্নামেন্টের সেরাও হয়েছেন। পুরো টুর্নামেন্টে ২১৫ রান সঙ্গে ২২ উইকেট নেন। ফাইনালে ৫৮ রানের দুর্দান্ত ইনিংসের পর ৩৯ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দেন এই অলরাউন্ডার।
উইজডেনের সবচেয়ে প্রাচীন পুরস্কার ‘বছরের সেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায় ভারতীয়দের আধিপত্য স্পষ্ট। গত বছর ইংল্যান্ডের সঙ্গে ২-২ টাইয়ে শেষ রোমাঞ্চকর টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের জন্য ‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’ তালিকায় স্থান পেয়েছেন ভারতের শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ও মোহাম্মদ সিরাজ। ভারতের অধিনায়ক গিল জিতেছেন ‘উইজডেন ট্রফি’ও। এজবাস্টন টেস্টে তাঁর ৪৩০ রানকে বছরের সেরা একক পারফরম্যান্স হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া টি-টুয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক ছোঁয়া অভিষেক শর্মা হয়েছেন বিশ্বসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার।
প্রধান পুরস্কারজয়ীদের মধ্যে একমাত্র ইংরেজ ক্রিকেটার হাসিব হামিদ। নটিংহ্যামশায়ারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতিয়ে ৬৬ গড়ে ১২৫৮ রান করে তিনি বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নেন।
উইজডেন সম্পাদক লরেন্স বুথ তাঁর লেখায় অ্যাশেজে ইংল্যান্ডের ৪-১ ব্যবধানে হার এবং সিরিজ চলাকালে হ্যারি ব্রুকের নাইটক্লাব-কাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। বুথের মতে, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের অধীনে ইংল্যান্ড দল ক্রমশ একগুঁয়ে ও যুক্তির বাইরে চলে যাচ্ছে। তিনি আক্ষেপ করে লিখেছেন, ‘ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এত বড় সুযোগ এভাবে নষ্ট করার নজির কমই আছে। ইংল্যান্ড ইতিহাস গড়তে গিয়ে শেষ পর্যন্ত হাসির পাত্র হয়ে ফিরেছে।’
এবারের অ্যালমানাকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে গত সেপ্টেম্বরে ৯২ বছর বয়সে মৃত্যুবরণকারী কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ডকে। সাবেক অলরাউন্ডার ডেরেক প্রিঙ্গল তাঁর স্মৃতিচারণে লিখেছেন, ‘ডিকি বার্ড ছিলেন এমন এক চরিত্র, যাঁকে দর্শক ও ক্রিকেটার সবাই ভালোবাসতেন। আধুনিক ক্রিকেটে প্রযুক্তির দাপটে ডিকি বার্ডের মতো ‘ব্যক্তিত্বময়’ আম্পায়ার হয়তো আর দেখা যাবে না।’






