সিলেটের গোয়াইনঘাটে একটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পাশের চেয়ার নিয়ে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, ফলে উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

গতকাল সোমবার বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হাতাহাতিতে জড়িত দুই ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর পর তাঁর পাশের আসন নিয়ে দুই যুবদল নেতার মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয় এবং তাঁদের সমর্থকেরাও এতে জড়িয়ে পড়েন। মন্ত্রীর সামনেই এমন পরিস্থিতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠান শেষ করার আগেই চলে যান। এ সময় মাইকে মন্ত্রীকে পরিস্থিতি সামলে চলে না যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে আরিফুল হক চৌধুরী পুলিশি পাহারায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং পরে অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির বলেন, "অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। মন্ত্রীর নির্দেশে তাঁকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।"