ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে ১২ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে ৯২ বছর বয়সে মারা যান। এক সাক্ষাৎকারে তিনি নিজের শেষ ইচ্ছার কথা খুলে বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তা পূরণ হয়নি। ২০২৫ সালে এক পডকাস্টে আশা এই ইচ্ছা অকপটে প্রকাশ করেন।

‘কাপল অব থিংস’ চলচ্চিত্রের অভিনেত্রী অমৃতা রাও ও আরজে আনমোলের সঙ্গে কথোপকথনে তিনি বলেছিলেন, “৮২ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। এখন একটাই ইচ্ছা—গাইতে গাইতেই যেন আমার শেষনিশ্বাস বের হয়।” এই সরল কথায় প্রকাশ পেয়েছিল তাঁর সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা। কিন্তু এই ইচ্ছা পূরণ হয়নি। গত শনিবার সন্ধ্যায় অসুস্থতায় আশাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণ ও বয়সজনিত জটিলতার সঙ্গে লড়াই করছিলেন তিনি; শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় মৃত্যুবরণ করেন।

দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোসলে ১২ হাজারের বেশি গান গেয়েছেন। হিন্দি ছাড়াও ২০টির বেশি ভাষায় গান গেয়ে বিশ্বব্যাপী শ্রোতাদের হৃদয় জয় করেছেন। গজল, শাস্ত্রীয়, আধুনিক—সব ধারাতেই ছিল তাঁর অতুলনীয় দখল।

ভারতের চলচ্চিত্রজগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারসহ পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। তাঁর কণ্ঠের অসংখ্য কালজয়ী গান আজও তুলনামূলক জনপ্রিয়।

ইন্ডিয়া টুডে অবলম্বনে