কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ট্রাকের সাত আরোহী নিহত হন, পাঁচজন আহত।
গতকাল সোমবার দিবাগত রাত পৌঁনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই ধান কাটার শ্রমিক। নিহতদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুসারে, নিহতরা হলেন—আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাঁদের সবার বাড়ি দিনাজপুরে।
আহতরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮), জাহাঙ্গীর আলম (৪০)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে মুক্তকণ্ঠকে জানান, “আহত পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।”






