রাজধানীর মোহাম্মদপুরে কুপিয়ে ‘কিশোর গ্যাং’-এর দলনেতা ইমন হোসেনকে হত্যার ঘটনায় পুলিশ আরেকজনকে গ্রেপ্তার করেছে। তার নাম মো. সুমন (২৫)। পুলিশ জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় আধিপত্য নিয়ে কিশোর গ্যাংয়ের এলেক্স গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে বিরোধের জেরে হামলা চালানো হয়। এতে নিহত হন ইমন। তিনি এলেক্স গ্রুপের প্রধান ছিলেন।

ঘটনায় নিহতের মা ফেরদৌসি বাদী হয়ে রোববার মধ্যরাতে মোহাম্মদপুর থানায় ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় ‘এলেক্স গ্রুপ’ ও ‘আরমান শাহরুখ গ্রুপ’-এর মধ্যে বিরোধ শুরু হয়। এর জের ধরে রোববার বিকেল সাড়ে চারটার দিকে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা মুক্তকণ্ঠকে বলেন, “এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এজাহারভুক্ত আরেক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পুলিশ আরও জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রোববার ঘটনাস্থল থেকে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বী কাজী (২৫) আটক করা হয়। মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আজ বিকেলে মো. সুমন (২৫) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক তিনজনের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার এবং স্টিলের একটি পাত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চারজনই আরমান–শাহরুখ গ্রুপের সদস্য।