আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ক্লেমন ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইন নতুনভাবে চালু করেছে। রাজধানীর আকিজ হাউসে গতকাল এক অনুষ্ঠানে এর উদ্বোধন হয়।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। এখন থেকে ক্লেমন বোতলের কিউআর কোড স্ক্যান করে দর্শকেরা ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো বাংলাদেশ এক্সপ্লোর করতে পারবেন। আকিজ ভেঞ্চারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পেইনে দেশীয় ঐতিহ্য ও শিকড়ের টান এবং বাংলাদেশি অনুভূতিকে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে উদযাপন করা হয়েছে। ভিডিওতে বাংলাদেশের নিজস্ব কৃষ্টি, রঙিন সংস্কৃতি এবং অনন্য সৌন্দর্য এমনভাবে তুলে ধরা হয়েছে যা দর্শকের মনে গর্ব জাগায় এবং হৃদয়ে দেশের প্রতি অনুরাগ তৈরি করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মূল গল্পে একজন বিদেশি বন্ধুকে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হচ্ছে। সেখানে দেখা যায় পুরান ঢাকার সরু অলিগলি, ঐতিহ্যের টমটম গাড়ি, কাবাব, বিরিয়ানি, জামদানি শাড়ি এবং রাজকীয় জমিদারবাড়ি। স্বাদের খোঁজে তাঁকে নেওয়া হয়েছে রাজশাহীর রসাল আম, বগুড়ার দই ও মন্ডা মিঠাই, ইলিশ; নাটোরের কাঁচাগোল্লা, চট্টগ্রামের মেজবানের কাছে। এছাড়া হাওর, নদী–নালা ও উত্তাল সাগরের দৃশ্যের সঙ্গে মেঠোপথের জারি–সারিগানের সুর সব একসুতোয় গাঁথা হয়েছে।

বিদেশি বন্ধুটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অপরূপ সৌন্দর্য এক্সপ্লোর করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লেমন শুধু একটি ব্র্যান্ড নয়, বরং দর্শকদের জন্য নিজ দেশ ঘুরে দেখার এক ডিজিটাল দরজা খুলে দিয়েছে।