কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। তারা এখন আগামী ১৫ মে পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ সোমবার একটি আদেশে এই সিদ্ধান্ত নিয়েছে। একাধিকবার সময় বাড়ানোর পর আগের নির্ধারিত সময়সীমা ছিল ১৫ এপ্রিল।

আজ এ বিষয়ে করনীতির দ্বিতীয় সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩৩৪–এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড স্বাভাবিক করদাতা এবং হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্য সব করদাতার ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন দাখিলের তারিখ এক মাস বৃদ্ধি করা হলো।