রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলামকে হত্যার মামলায় এক যুবককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন।

পিয়ারুল ইসলাম রংপুর মহানগরের হারাগাছ থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুড়িগ্রামের রাজাহাট উপজেলায়। অন্যদিকে, দণ্ডপ্রাপ্ত পারভেজ রহমান (৩১) রংপুর নগরের বাহারকাছনা এলাকার বাসিন্দা।

মামলার তথ্যমতে, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর মহানগরের হারাগাছ থানার বাহারকাছনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় পারভেজ রহমানের কাছ থেকে ১৫২টি ইয়াবা উদ্ধার করা হয়। তাকে আটক করতে গেলে অভিযানের নেতৃত্বদানকারী এএসআই পিয়ারুল ইসলামের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। পরে পারভেজ তাঁর সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে পিয়ারুলের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় আরেক পুলিশ সদস্যও আহত হন। ঘটনার পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারুলের মৃত্যু হয়।

আদালত সূত্র জানায়, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হারাগাছ থানায় হত্যা মামলা করে। দীর্ঘ তদন্তের পর অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল হাদি বেলাল বলেন, “পুলিশের কাজে বাধা দিয়ে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।” পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এ রায়ে ন্যায়বিচার পাননি মন্তব্য করে আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।