অনেকে পড়াশোনা বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আয় করছেন, আবার কেউ এটিকেই পূর্ণাঙ্গ পেশা বানিয়েছেন। সফল ফ্রিল্যান্সাররা তাদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের স্টার্টআপ গড়ে তুলতে পারেন। এই দিকনির্দেশনা দিতে আজ সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘ফ্রিল্যান্সিং থেকে স্টার্টআপ যাত্রা’ শীর্ষক সেমিনার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের শিক্ষার্থীদের জন্য করা এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্কিলআপারের প্রতিষ্ঠাতা শামীম হুসাইন।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে শামীম হুসাইন ফ্রিল্যান্সারদের সফল স্টার্টআপ চালানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল বিপণন কৌশল শেখার উপর গুরুত্ব দেন। তিনি জানান, সফল উদ্যোক্তা হতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সঠিক বাজার বিশ্লেষণ ও কর্মী নির্বাচন করতে হবে। টেকসই স্টার্টআপ গড়তে ৫ বছরের দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে প্রতিদিন তার অনুযায়ী কাজ করতে হবে। এছাড়া বাজার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তনের মানসিকতা গড়তে হবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. কামরুজ্জামান দিদার বলেন, ‘আমরা সব সময় চাই আমাদের বিভাগের শিক্ষার্থীরা যেন সেরা ও সময়োপযোগী বিষয়গুলো শিখতে পারে। আমি বিশ্বাস করি, এই সেমিনার থেকে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং শুরু করার সাহস ও সঠিক দিকনির্দেশনা লাভ করবে এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগ ও ব্যবসা গড়ে তুলতে সক্ষম হবে।’






